রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করার সম্ভাবনা তৈরি হয়েছে। তদন্ত সংস্থা তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, ঘটনাকালে ইনু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তদন্তে উঠে এসেছে, তৎকালীন প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নির্দেশনার পর দিগন্ত টেলিভিশন এবং ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই রাতে ইসলামিক টেলিভিশনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরবর্তী সময়ে শেখ হাসিনার পুরো শাসনামলজুড়ে এই দুই টেলিভিশনের সম্প্রচার বন্ধ ছিল।
মো. আমিনুল ইসলাম দাবি করেন, তথ্যমন্ত্রী হিসেবে ইনু শাপলা চত্বরের ঘটনার তথ্য আড়াল এবং সম্ভাব্য আলামত নষ্ট করার উদ্দেশ্যে ওই দুটি টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধে ভূমিকা রাখেন। তদন্তে পাওয়া প্রাথমিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাকে এ মামলায় আসামি করা হতে পারে বলেও তিনি জানান।
অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে ওই সাজা যথেষ্ট নয় বলে মনে করছে প্রসিকিউশন, এবং এ বিষয়ে উচ্চতর শাস্তির দাবিতে আপিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন