ফরিদপুরবাসীর ভাগ্যোন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা বলে মন্তব্য করেছেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের আগে এক জনসভায় এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় ফরিদপুর বিভাগ হবে এবং পৌরসভাও সিটি কর্পোরেশনে উন্নীত হবে।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এটি একনেকে অনুমোদন পেয়েছে এবং প্রধানমন্ত্রীর অনুমোদনও রয়েছে। দেশের পানিসংকট সমাধানে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে।
নিজের নির্বাচনী এলাকা সালথা ও নগরকান্দার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হচ্ছেন। এ সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ সংরক্ষণের একটি পরিকল্পনা হাতে নিয়েছে।
জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, ফরিদপুর একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে। এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। তাই অবশ্যই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন