অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে এ কর্মসূচি পালন করবেন সংগঠনটি।
সোমবার (২২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটগুলোর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জানতে চাইলে যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, ‘বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নুরুল ইসলাম সোহেল বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল বা মহল যদি আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।’
জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
এ সময় সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন