কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২২ জুন) রাত ৮টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর পল্টন মোড়, প্রেসক্লাবের সামনে ঘুরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছে তেমনি ভাবে তারা যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে তাদের নাম চিরতরে মুছে ফেলা হবে।
এসময় হাসান আল মামুন আগামীকাল ২৩ তারিখ সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিলো। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও মাঠে থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে আগামীকাল সারাদেশে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।
গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন