যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা যায়, ডোরড্যাশের মাধ্যমে খাবার ডেলিভারির দায়িত্ব পালনকালে মাথার পেছনে গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তার চালু অবস্থায় থাকা গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মুখোশধারী তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিহত মাহফুজুল হক ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আল-শাম উইলো গ্রোভ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান শোকাহত হয়ে পড়েছেন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিলাডেলফিয়া পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন