ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিপিএল শুরু নিয়ে যা বললেন মিঠু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২২ পিএম
বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শুরুতেই ধাক্কা খেল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের খেলোয়াড়রা দুপুর ১টায় মাঠে নামার কথা থাকলেও কোনো দলই স্টেডিয়ামে উপস্থিত হয়নি। এর পেছনে রয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও বোর্ডের কোনো লস নেই, খেললেও তেমন লাভ নেই। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে খরচ করা কোটি কোটি টাকা কি আমরা ফেরত চাচ্ছি নাকি?

বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার এমন ‘অপমানজনক’ বক্তব্যে ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপরই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুলের পদত্যাগ দাবি করে, তা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বোর্ড থেকে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও, ক্রিকেটাররা পদত্যাগ না হওয়া পর্যন্ত মাঠে নামেননি। বিদেশি খেলোয়াড়রা হোটেলেই থাকায় দেশি ক্রিকেটাররা সংবাদ সম্মেলনের জন্য শেরাটনে উপস্থিত হয়েছেন।

বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। খেলোয়াড়দের বোঝানো হয়েছে, এখন যদি মাঠে আসে, খেলা হবে। তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

আজকের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস মুখোমুখি হওয়ার কথা রয়েছে।