ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই শুধু মাঠের চার-ছক্কার লড়াই নয়, গ্যালারির গ্ল্যামারও এখানে সমান্তরালভাবে আলোচনার জন্ম দেয়। প্রতি মৌসুমেই ক্যামেরার লেন্সে ধরা পড়ে কেউ না কেউ রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবে পরিচিতি পান।
আইপিএল ২০২৬-এ সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে এক উজ্জ্বল মুখ, যার উচ্ছ্বসিত উপস্থিতি গত ৪ এপ্রিল পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন ইন্টারনেটে ঝড় তুলেছে।
পাঞ্জাব কিংসের স্ট্যান্ডে দেখা যাওয়া সেই তরুণীকে শনাক্ত করতে খুব বেশি সময় নেয়নি ‘ডিজিটাল ডিটেকটিভ’ খ্যাত নেটিজেনরা।
জানা গেছে, তিনি আর কেউ নন—ভারতীয় চলচ্চিত্রের পরিচিত অভিনেত্রী কাশ্মীরা পরদেশী। পুনেতে জন্ম নেওয়া কাশ্মীরা যেমন মেধাবী, তেমনি শৈল্পিক। তিনি ভারতের নামি প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে পড়াশোনা শেষ করে নাম লিখিয়েছেন রুপালি পর্দায়।
২০১৮ সালে তেলুগু ছবি ‘নর্তনশালা’ দিয়ে কাশ্মীরার অভিনয় জীবনের শুরু। তবে ২০১৯ সালের তামিল ছবি ‘সিভাপ্পু মাঞ্জাল পাচায়’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
বলিউড ভক্তদের কাছেও তিনি অপরিচিত নন, অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ‘মিশন মঙ্গল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি ‘দ্য ফ্রিল্যান্সার’ সিরিজে আলিয়ার চরিত্রে অভিনয় করে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
গ্যালারিতে কাশ্মীরার উপস্থিতি সাধারণ দর্শকদের মতো ছিল না। তাকে প্রায়ই পাঞ্জাব কিংসের মালকিন ও বলিউড ডিভা প্রীতি জিনতার সঙ্গে ভিআইপি গ্যালারিতে খোশগল্পে মেতে থাকতে দেখা গেছে।
এদিকে, ভাইরাল হওয়ার পরপরই কাশ্মীরার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে, পাঞ্জাব কিংসের ব্যাটার নেহাল ওয়াধেরার সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে।
বিশেষ করে নেহালের ব্যাটিংয়ের সময় কাশ্মীরার উচ্ছ্বাস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একে অপরকে অনুসরণের বিষয়টি এই জল্পনায় ঘি ঢেলেছে। তবে এখন পর্যন্ত তারকা ক্রিকেটার বা অভিনেত্রী—কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

