ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৩০ মিনিটের যাত্রায় ১৭ হাজার টাকা ভাড়া!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরের বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে আয়োজক শহর নিউ জার্সি। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত মাত্র ৩০ মিনিটের ট্রেন যাত্রার ভাড়া ১৫০ ডলার ( ১৭০০০ টাকা) নির্ধারণ করাকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল সরাসরি বাগ্‌যুদ্ধে
জড়িয়েছেন।

গভর্নর মিকি শেরিল এই অস্বাভাবিক ভাড়ার জন্য ফিফাকে দায়ী করে বলেন, সাধারণ সমর্থকদের পকেট কাটার এই দায় ফিফাকেই নিতে হবে। যেখানে ফিফা এই বিশ্বকাপ থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেখানে দর্শকদের যাতায়াতের খরচ কমাতে তাদের ভর্তুকি দেওয়া উচিত। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নিউ জার্সি ট্রানজিটের প্রায় ৪৮ মিলিয়ন ডলারের ব্যয়ের বিপরীতে ফিফা কার্যত কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না।

ভাড়ার এই তালিকায় কোনো ধরনের ছাড় না থাকায় বিতর্ক আরও দানা বেঁধেছে। শিশু এবং প্রবীণ নাগরিকদের জন্যও কোনো বিশেষ সুবিধা রাখা হয়নি। তাদেরও পূর্ণ ১৫০ ডলার দিয়ে টিকিট কাটতে হবে। 

এছাড়া বিকল্প হিসেবে রাখা শাটল বাসের টিকিটের দাম ধরা হয়েছে ৮০ ডলার। একই চিত্র দেখা গেছে বোস্টনের জিলেট স্টেডিয়ামের ক্ষেত্রেও, যেখানে ট্রেনের ভাড়া বাড়িয়ে ৮০ ডলার করা হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ফিফার চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি গভর্নরের দাবিকে 'অভূতপূর্ব' বলে অভিহিত করেছেন। তিনি জানান, এর আগে কোনো কনসার্ট বা ক্রীড়া আয়োজক প্রতিষ্ঠানের কাছে এমন দাবি জানানো হয়নি। 

শিরগি দাবি করেন, গভর্নর আয়ের যে অংকটি বলছেন সেটি মুনাফা নয় বরং মোট রাজস্ব। ফিফা একটি অলাভজনক সংস্থা হিসেবে এই অর্থ বিশ্বজুড়ে ফুটবলের প্রসারে ব্যয় করে থাকে।

ফিফা কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, যাতায়াতের এই অতিরিক্ত খরচ বিপরীত হতে পারে। ট্রেনের উচ্চমূল্যের কারণে দর্শকরা ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহিত হবেন, যা শহরজুড়ে তীব্র যানজট সৃষ্টি করবে। 

এর ফলে ম্যাচ দেখতে আসা দর্শকদের অভিজ্ঞতা যেমন তিক্ত হবে, তেমনি টুর্নামেন্ট শেষে অঞ্চলের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফলও বাধাগ্রস্ত হতে পারে।