ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোচ হতে ৩শর বেশি আবেদন বাফুফেতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:২৪ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে দাঁড়াতে বিশ্বজুড়ে হাইপ্রোফাইল কোচদের মাঝে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। ইউরোপ থেকে লাতিন আমেরিকা—সব অঞ্চল থেকেই অভিজ্ঞ কোচদের বায়োডাটা অনলাইনে প্রতিনিয়ত জমা হচ্ছে বাফুফেতে। 

বাফুফের টেকনিক্যাল কমিটির তথ্যমতে, জাতীয় দল, বয়সভিত্তিক দল এবং গোলরক্ষক কোচ পদের জন্য প্রত্যাশার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়েছে।

বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানিয়েছেন, হামজা চৌধুরী ও শমিত সোমদের কোচ হওয়ার দৌড়ে এখন পর্যন্ত ৩শর বেশি জীবনবৃত্তান্ত অনলাইনে জমা পড়েছে। 

এর মধ্যে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার জন্যই বড় একটি অংশ আবেদন করেছেন। শুধু জাতীয় দলই নয়, বয়সভিত্তিক দলের কোচ হতে ১০০ জন এবং গোলরক্ষক কোচের জন্য প্রায় ৫০ জন আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে বড় কোনো চমক আছে কি না, তা নিয়ে ফুটবল অঙ্গনে কৌতূহল তুঙ্গে। তবে কামরুল হাসান হিলটন জানান, ইউরোপ, লাতিন কিংবা এশিয়া থেকে কতজন এবং তাদের প্রোফাইল কতটা ভারি, তা যাচাই-বাছাইয়ের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এমনকি এই তালিকায় বিশ্বকাপ খেলা কোনো ফুটবলার বা কোচ আছেন কি না, সেটিও শর্টলিস্ট করার পরই পরিষ্কার হবে। 

হিলটন বলেন, আমরা বিভিন্ন নাম শুনছি, তবে দু-এক দিনের মধ্যে একটি শর্টলিস্ট করে ফেললেই বিস্তারিত জানা যাবে।

বিশাল এই তালিকা থেকে সেরাদের খুঁজে নিতে কাজ শুরু করেছে বাফুফের নবগঠিত কমিটি। জাতীয় দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখভাল করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দক্ষ ও অভিজ্ঞ ফুটবল কর্মকর্তাদের নিয়ে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে, যারা এই দীর্ঘ তালিকা থেকে যোগ্যদের নাম ছোট করে আনবেন।