২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরুর আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের পূর্বাভাস প্রকাশ করেছে। প্রায় ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে শেষ চারে ওঠার সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে দেখানো হয়েছে।
অপটার পূর্বাভাস অনুযায়ী, মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭২.১০ শতাংশ, বেলজিয়ামের বিপক্ষে স্পেনের ৭০.৭২ শতাংশ, নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ৬১.৯৬ শতাংশ এবং সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৬৩.৬২ শতাংশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিটি ম্যাচের আগে দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণ-রক্ষণ, শক্তিমত্তা, র্যাঙ্কিং ও ঐতিহাসিক পরিসংখ্যান বিশ্লেষণ করে প্রায় ১০ হাজার বার সিমুলেশন চালানো হয়। এরপর সম্ভাব্য ফল নির্ধারণ করা হয়।
নকআউট পর্বে অপটার পূর্বাভাসের সাফল্যের হারও বেশ আলোচিত। শেষ ষোলোর আট ম্যাচের মধ্যে ছয়টির ফল সঠিকভাবে অনুমান করেছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া আগের নকআউট ধাপের ১৬ ম্যাচের মধ্যে ১৪টির ফলও মিলেছিল তাদের বিশ্লেষণের সঙ্গে।
তবে ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা নয়। বিশ্বকাপের নকআউট পর্বে অতীতেও বহু অঘটন ঘটেছে। তাই সুপারকম্পিউটারের পূর্বাভাসে চার ফেবারিট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে কারা জায়গা করে নেবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন