কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন জনসমক্ষে দেখা না গেলেও এবার ভারতের ত্রিপুরার একটি বেসরকারি মেডিকেল কলেজে পাঠদান করতে দেখা গেছে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে।
সম্প্রতি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, তিনি কলেজটির একটি আধুনিক শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ড ব্যবহার করে শিক্ষার্থীদের নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে পাঠদান করছেন। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে তিনি কবে থেকে ওই মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন কিংবা কী দায়িত্বে রয়েছেন, সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর মতো ডা. প্রাণ গোপাল দত্তও জনসমক্ষে ছিলেন না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে তার পাঠদানের ভিডিও প্রকাশের পর ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে এ বিষয়ে তার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন