ভারতের বিভিন্ন রাজ্যে টানা ভারি বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ অরুণাচল প্রদেশে ভূমিধসে দুজন নিহত হওয়ায় দেশজুড়ে বৈরী আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। অরুণাচলের লোহিত জেলার তেজুর কাছে শিবাজিনগর এলাকায় পাহাড় ধসে অন্তত পাঁচজন পরিযায়ী শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে একজন নিজেই বেরিয়ে আসতে সক্ষম হলেও উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং পুলিশ। এদিকে তিরাপ জেলায় টানা বৃষ্টিতে খোংসা-লাজু সড়কের একটি বড় অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ১৬টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মহারাষ্ট্রে ভারি বৃষ্টিতে অন্তত ২০ জন এবং গুজরাটে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ভারতের আবহাওয়া অধিদপ্তর কেরালা, কর্নাটক, পাঞ্জাব, হিমাচল, দিল্লি ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। দক্ষিণ কন্নড়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নদীতীর, সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বহু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

