ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি কে এম আওলাদ হোসেন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৪৭ এএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম আওলাদ হোসেন। গত ১ জুলাই থেকে তাকে ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যাবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন কে এম আওলাদ হোসেন। ২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হিসেবে যোগদান করেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যাবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

কে এম আওলাদ হোসেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটিতে একাধারে চিফ বিজনেস অফিসার, চিফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। তারও আগে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং ক্যারিয়ারে কে এম আওলাদ হোসেন বিভিন্ন ব্যাংকে কর্মরত থাকাবস্থায় ব্রাঞ্চ ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, করপোরেট ব্যাংকিং, ব্যাবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সেন্ট্রালাইজড কার্যক্রমের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন কে এম আওলাদ হোসেন।

ক্যাপশন: রাজধানীর পুরানা পল্টনে সিএমজেএফ আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে গতকাল বক্তব্য দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান