ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ছয় শিশুর মৃত্যুর দায় আদ্-দ্বীন কর্তৃপক্ষকে নিতেই হবে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০২:৪৭ এএম

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলো পরিচালনায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত ‘হাম চিকিৎসা প্রোটোকল : ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, শুধু প্যাথলজি বিভাগের নয়, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সই বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে সেগুলো পরিচালনায় কোনো বাধা নেই। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, বদ্ধঘরে অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের শিশুরা মারা গেছে। ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ওই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে। এই অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

এ সময় স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান আশানুরূপ বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি সব চিকিৎসককে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য আবাসন, হোস্টেল এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের আশ্বাস দেন।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা : আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন তার দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। গতকাল মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক জামালুন্নেসা বিগত ২৫ বছরের অধিক সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি লাভ করেন।

অনাকাক্সিক্ষত ঘটনা ও গৃহীত ব্যবস্থা : বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশুমৃত্যুজনিত অনাকাক্সিক্ষত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত। এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া তদারকিব্যবস্থা জোরদার এবং প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।