চাপাতি, সামুরাই আর দেশীয় ধারালো অস্ত্রসহ গভীর রাতে চলছিল একটি মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি। সেইসঙ্গে পুলিশের সোর্সের ওপর হামলারও পরিকল্পনা ছিল ডাকাত চক্রটির। তবে এর আগেই জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কুত্তা ফারুকসহ ডাকাত চক্রের সাতজনকে গ্রেপ্তার করে। এতে ভেস্তে যায় চক্রটির ডাকাতির পরিকল্পনা। গত বুধবার রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চক্রটির সদস্যরা হলোÑ মো. সাইদ, আকাশ, মো. ফারুক ওরফে কুত্তা ফারুক, কর্নেল, মাইন উদ্দিন, সিফাত ওরফে হিটার ও মো. নাহিদুল। তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর রূপালী বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজের ঢালের একটি গলিতে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রটির কয়েকজন সদস্য পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেপ্তার চক্রটির প্রত্যেক সদস্যের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাইন উদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ও ছিনতাই চেষ্টার মামলা, সাইদের বিরুদ্ধে আদাবর থানায় ডাকাতির মামলা এবং ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।
বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়া এবং অপরটি অস্ত্র আইনে দায়ের করা হয়েছে।

