ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ক্রিয়েটরদের জন্য এক্সের রিঅ্যাক্ট উইথ ভিডিও

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৫:৫৭ এএম

ক্রিয়েটরদের প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের আরও আকর্ষণীয় করতে নতুন একটি ফিচার নিয়ে এলো ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স । নতুন এই ফিচারের নাম রিঅ্যাক্ট উইথ ভিডিও। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন যেকোনো পোস্টের প্রতিক্রিয়ায় কেবল লেখা বা রি-পোস্ট না করে, সরাসরি ভিডিও রেকর্ড করে মন্তব্য করতে পারবেন। মূলত যারা বিভিন্ন খবরের ওপর নিজেদের মতামত বা রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে চান, সেই সব ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটরদের লক্ষ্য করেই এই ফিচারটি আনা হয়েছে।

রি-পোস্টের বিকল্প : সাধারণত আমরা কোনো পোস্টে রি-পোস্ট বা ‘কোট পোস্ট’ করি। এখন থেকে তার বদলে সরাসরি ভিডিও রিঅ্যাকশন দেওয়া যাবে।

আগে পাবেন আইফোন ব্যবহারকারীরা : ফিচারটি আপাতত আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। তবে এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই এটি অ্যান্ড্রয়েড এবং ওয়েব সংস্করণেও যুক্ত করা হবে।

যোগাযোগের নতুন মাত্রা : এক্সের প্রোডাক্ট প্রধান নিকিতা বিয়ার বলেন, ‘এক্সের অন্যতম প্রধান ভিত্তি হলো আলোচনা বা মতামত । আর কখনো কখনো নিজের ভাবনা প্রকাশের সেরা মাধ্যম হতে পারে ভিডিও।’ ক্রিয়েটরদের কেন সুবিধা হবে এক্সের একজন মুখপাত্রের মতে, এই ফিচারটির মাধ্যমে ক্রিয়েটররা তাদের ফলোয়ারদের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে পারবেন। সাধারণ টেক্সট কমেন্টের চেয়ে ভিডিও কমেন্টে মানুষের মুখের অভিব্যক্তি ও গলার টোন বা আবেগ অনেক বেশি প্রকাশ পায়, যা অনুসারীদের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করে।

এক্সের সাম্প্রতিক কিছু পরিবর্তন:

ক্রিয়েটরদের প্ল্যাটফর্মে ধরে রাখতে এবং মানসম্মত কনটেন্ট নিশ্চিত করতে গত কয়েক মাসে এক্স বেশ কিছু বড় পরিবর্তন এনেছে:

কমিউনিটিজ বন্ধ : সরাসরি সংযোগ বাড়ানোর লক্ষ্যে গত এপ্রিল মাসে ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে এক্স।

ক্লিকবেট নিয়ন্ত্রণ : কম মূল্যের বা বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করা অ্যাকাউন্টগুলোর রেভিনিউ বা পেমেন্ট কমিয়ে দেওয়া হয়েছে।

পেইড পার্টনারশিপ লেবেল : ক্রিয়েটরদের জন্য স্পন্সরড কনটেন্ট চিহ্নিত করতে ‘পেইড পার্টনারশিপ’ লেবেল চালু করা হয়েছে।