ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

এক্সে যুক্ত হলো নতুন ভিডিও এডিটর

ইনফোটেক ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:৩২ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ভিডিও এডিটর ও রেকর্ডিং টুল চালু করেছে। এর লক্ষ্য হলোÑ অন্যের ভিডিও পুনঃপ্রকাশের বদলে ব্যবহারকারীদের মৌলিক বা নিজস্ব কনটেন্ট তৈরি করতে উৎসাহিত করা। শুরুতে এই সুবিধা আইওএস অ্যাপে পাওয়া যাবে, পরে অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত হবে।

নতুন ভিডিও এডিটরে থাকছে একাধিক ভাষায় ভিডিও ক্যাপশন যোগ করার সুবিধা, ক্যাপশনের নকশা পরিবর্তনের সুযোগ এবং গ্রিন স্ক্রিন টুল। ব্যবহারকারীরা ফোনের গ্যালারির ছবি বা এক্সে থাকা অন্য পোস্ট ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করতে পারবেন। এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, ভবিষ্যতে ভিডিও এডিটরে আরও নতুন সুবিধা যোগ করা হবে। এক্সের দাবি, প্ল্যাটফর্মটির জনপ্রিয় অনেক অ্যাকাউন্টে পুরোনো বা অন্যের ভিডিও পুনরায় পোস্ট করা হয়, যা কনটেন্ট নির্মাতাদের জন্য নিরুৎসাহজনক। নতুন ভিডিও এডিটরের মাধ্যমে মৌলিক কনটেন্ট তৈরির পরিবেশ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।