ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু ৭৫০ ছুঁইছুঁই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:১৮ এএম

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আর দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগের উপসর্গ নিয়ে ৬৫৪ জন মারা গেল। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ¦রে আক্রান্ত আরও দুজন মারা গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯০ জন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৪ জন ঢাকা বিভাগে মারা গেছে। এ ছাড়া রাজশাহীতে ৮৯, সিলেটে ৮৭, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ৮১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৬১ জন। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, ২৯৫ জন। রাজশাহীতে ৩২, সিলেটে ৬০, চট্টগ্রামে ১৭০, বরিশালে ৯৯, ময়মনসিংহে ৫০, খুলনায় ৫১, রংপুরে ৪ জন।

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৯২ হাজার ৩১, যার মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮।

অপরদিকে, গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী। এ ছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন, নারী ২ হাজার ৯৯৭ জন।