ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:০০ এএম

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন গাছের চারা রোপণ করবে।

বিমান বাহিনী জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৩ জুন দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মহাকর্মসূচি উদ্বোধন করেছেন। দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি হাতে নিয়েছে বিমান বাহিনী।

বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় কর্মসূচির আওতায় বনায়নের লক্ষ্যে দেশের উপকূলীয় অঞ্চল এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে সিডবল (বীজসমৃদ্ধ মাটির বল) নিক্ষেপের মাধ্যমে বীজ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করেন। অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বিমান বাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।