ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:০৬ এএম

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের চলমান অভিযানে টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারি আটক হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী-সংলগ্ন এলাকায় গত সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সে সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তাররোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।