ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

সাভার থেকে পল্লবীর সন্ত্রাসী টান আকাশ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:১০ এএম

রাজধানী ঢাকার পল্লবীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় আলোচিত কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. আকাশ ওরফে ‘টান আকাশ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তিনি হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ অন্তত ১৩টি মামলার আসামি।

র‌্যাব-৪-এর তথ্য অনুযায়ী, গত ১০ জুন মিরপুরের পল্লবী অ্যাভিনিউ-৫ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনা ঘটে। এতে অস্ত্র প্রদর্শন ও গোলাগুলির মাধ্যমে এক ব্যক্তি আহত হন এবং আরেকজনকে অপহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টান আকাশের অবস্থান শনাক্ত করা হয়। পরে গত সোমবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া আকাশ ঢাকা মহানগরীর পল্লবী ও আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।