ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আসছে তামিল সুপারস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ম্যাজিক। নানা আইনি জট ও অনিশ্চয়তার মেঘ কেটে এবার প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে তার রাজনৈতিক ঘরানার অ্যাকশন থ্রিলার ‘জন নায়গন’। যদিও মূল প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে কানাডার ডিস্ট্রিবিউটর ‘ইয়র্ক সিনেমাস’ অন্তর্জালে এই সিনেমা মুক্তির দিনটি ফাঁস করে দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ২৪ জুলাই কানাডায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। বিজয়ের রাজনীতিতে পুরোপুরি ব্যস্ত হওয়ার আগে এটাই তার শেষ অভিনয়, তাই ভক্তদের মধ্যে উন্মাদনা এখন আকাশছোঁয়া।
এইচ বিনোথ পরিচালিত বড় বাজেটের এই সিনেমার শুরুর পথ অবশ্য একেবারেই মসৃণ ছিল না। চলতি বছরের ৯ জানুয়ারি পোঙ্গল উৎসবের আবহেই এটি বড় পর্দায় আসার কথা ছিল। কিন্তু ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ বা সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় সিনেমাটির মুক্তি আটকে যায়। এর ওপর গত এপ্রিল মাসে সিনেমার একটি আন-এডিটেড অংশ ইন্টারনেটে লিক হয়ে যাওয়ায় বড়সড় ধাক্কা খান নির্মাতারা। তবে এখন সব বাধা দূর হয়েছে। সেন্সর বোর্ডের নির্দেশ মেনে সিনেমায় প্রয়োজনীয় সমস্ত কাটছাঁট সেরে ফেলা হয়েছে। খুব শিগগিরই অফিসিয়াল সেনসর সার্টিফিকেট মিলবে এবং সিনেমাটি ‘এ’ (অ্যাডাল্ট) রেটিং পেতে পারে বলে জানা যাচ্ছে।
টানা ছয় মাস সিনেমাটির মুক্তি ঝুলে থাকায় বড়সড় লোকসানের মুখে পড়তে হয়েছিল তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির এই মেগা প্রজেক্টকে। পরিস্থিতি সামাল দিতে সিনেমার ব্যাবসায়িক মডেলেও বদল এনেছেন প্রযোজকেরা। অতীতে যে ডিস্ট্রিবিউটররা ‘মিনিমাম গ্যারান্টি’ চুক্তিতে মোটা টাকা বিনিয়োগ করেছিলেন, আর্থিক ক্ষতি এড়াতে তাদের সঙ্গে বৈঠক করে একটি নতুন ডিস্ট্রিবিউশন মডেলে চুক্তি সংশোধন করা হয়েছে।
বিশ্বজুড়ে ২৪ জুলাই সিনেমাটি মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটররা থিয়েটার বুকিং শুরু করে দিলেও প্রযোজনা সংস্থার চূড়ান্ত ঘোষণার অপেক্ষা চলছে। সেন্সর সার্টিফিকেট হাতে এলে চলতি মাসের শেষেই বিশ্বজুড়ে ‘জন নায়গন’-এর রাজকীয় মুক্তির কথা ঘোষণা করা হবে।

