শোবিজ তারকাদের জন্মদিন মানেই সাধারণত জমকালো আলো, কেক কাটার উৎসব আর পার্টি। কিন্তু এই চেনা ছকের বাইরে গিয়ে এক দারুণ ‘চমক’ দেখালেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। নিজের জীবনের ৩০তম বসন্তকে তিনি বরণ করলেন প্রকৃতির আঁচলে, পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল সুন্দরবনে ৩০০ ম্যানগ্রোভ গাছ রোপণ করেন এই অভিনেত্রী।
চমক রূপালী বাংলাদেশকে জানান, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বুকে ৩০০ ম্যানগ্রোভ গাছ রোপণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। ‘সুন্দরী ইকো রিসোর্ট’-এর সহযোগিতায় তার এই বিশেষ পরিবেশবান্ধব উদ্যোগ সম্পন্ন হচ্ছে।
নিজের এই উদ্যোগ নিয়ে চমক বলেন, ‘আমরা সবাই মাদার নেচার বা প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পরে শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ, যা বুক পেতে আমাদের সব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু নানা কারণে আমাদের এই বনের আয়তন ছোট হয়ে আসছে, বন্যপ্রাণীরা ইনসিকিউরিটিতে ভুগছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন বা ফলো করেন, তাদের কাছে এই বার্তা পৌঁছানো আমার একটি লক্ষ্য ছিল।’
বরিশালে জন্ম নেওয়া এবং পেশায় চিকিৎসক (এমবিবিএস) এই অভিনেত্রী সব সময়ই তার নিজস্ব ভাবনার জন্য প্রশংসিত। এর আগে তার বিয়েতেও মাত্র ৯ টাকা দেনমোহর ধার্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এবার নিজের ৩০তম জন্মদিনে বিলাসবহুল আয়োজন বাদ দিয়ে সুন্দরবনের টেকসই পরিবেশ গঠনে ভূমিকা রেখে তিনি প্রমাণ করলেন যে, তারকারা চাইলে সমাজের চিন্তাভাবনার গতিপথ বদলে দিতে পারেন।
চমকের এই সবুজ উদ্যোগ কেবল সুন্দরবনের পরিবেশকেই সমৃদ্ধ করবে না, বরং তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এক নতুন জোয়ার তৈরি করবে। সম্প্রতি মুক্তি পেয়েছে চমক অভিনীত লুইপার কণ্ঠে ‘মন নিল সে’ শিরোনামের একটি গান। গত বছর নভেম্বরে প্রকাশিত হয়েছিল ‘চুড়ি ছমছম বাজে’। এই গানের ভিডিওতে প্রথমবার এক হয়েছিলেন কণ্ঠশিল্পী লুইপা ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
মাত্র সাত মাসে গানটি সাড়ে তিন কোটির বেশি ভিউ পেয়েছে ইউটিউবে। টিকটক, রিলসেও দারুণ সাড়া ফেলেছে গানটি। সম্প্রতি আবারও একসঙ্গে হাজির হয়েছেন চমক ও লুইপা। ‘মন নিল সে’ প্রকাশ্যে আসতেই ব্যাপক সাড়া ফেলেছে। চমকও নতুন গানটি থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান।

