জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী শ্রোতাদের জন্য নিয়ে এসেছেন তার নতুন একক গান ‘খেয়ালী সুর’। ভিউ আর ভাইরালের প্রতিযোগিতার এই যুগে তিনি বরাবরই শুদ্ধ ও সুস্থ সংগীতচর্চায় বিশ্বাসী, যার প্রতিফলন ঘটেছে তার এই নতুন সৃষ্টিতেও। সম্প্রতি শিল্পীর নিজস্ব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। গানের কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
ফাহমিদা নবী বলেন, ‘সবার মনোযোগ এখন ভিউ-বাণিজ্যে। কি করে ভাইরাল হওয়া যায়, সবার মাঝে এখন সেই চেষ্টা স্পষ্ট। আমি মনে করি বিষয়টা সাময়িক। তবে এই প্রবণতার কারণে আমাদের সংস্কৃতির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ভাইরাল হওয়ার চেয়ে বরাবরই সুস্থ সংগীত চর্চার চেষ্টা করি। এই গানটাও সেই ধারাবাহিকতায় গাওয়া। ভাইরালের দুনিয়ায় এই গান কতটা সাড়া ফেলবে জানি না, তবে গানের সমঝদার শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।’

