ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মেসিকে ছুঁতে ছুটছেন এমবাপ্পে

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:০৩ এএম

মরক্কোকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ^কাপের সেমিফাইনালে পা রেখেছে বর্তমান রানারআপ ফ্রান্স। ইতিহাসের মাত্র তৃতীয় দেশ হিসেবে টানা তিন আসরের শেষ চারে জায়গা করে নিয়ে ব্রাজিল ও জার্মানির পাশে নাম লেখাল ফরাসিরা। মাঠের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে আর উসমান দেম্বেলের যুগলবন্দিতে যেমন মরক্কোর রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ হয়েছে, তেমনি রেকর্ড বইয়ের পাতায় পাতায় চলছে ওলটপালট। বিশেষ করে ফরাসি ফুটবলের ‘পোস্টার বয়’ কিলিয়ান এমবাপ্পে যেন নেমেছেন ফুটবল ইতিহাসের সব রেকর্ড নিজের করে নেওয়ার এক মহোৎসবে, যেখানে তার চিরচেনা প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ছায়াই স্পষ্ট হয়ে উঠছে বারবার।

পরিসংখ্যানের আলোয় এই ম্যাচটি ছিল এক অদ্ভুত রেকর্ডের সাক্ষী। গত ৬০ বছরে বিশ^কাপে একই ম্যাচে গোল, অ্যাসিস্ট এবং পেনাল্টি মিসের বিরল ঘটনা ঘটেছে মাত্র চারবার, যার দুটিই ফুটবলপ্রেমীরা দেখলেন চলতি আসরেÑ একটি লিওনেল মেসির হাত ধরে, অন্যটি মরক্কোর বিপক্ষে এমবাপ্পের বুটে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর অতিমানবীয় পেনাল্টি সেভের রেকর্ডের দিনে এমবাপ্পেও ফরাসি জার্সিতে টানা ১৫ পেনাল্টি সফলভাবে জালে জড়ানোর পর প্রথম মিসের স্বাদ পান। তবে এই একটি খামতি বাদ দিলে পুরো ম্যাচেই ছিল এমবাপ্পে-শো। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বিশ্বকাপের এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের যুগল কীর্তি গড়েন তিনি, যেখানে তার ওপরে আছেন কেবল ৫ বার এই কীর্তি গড়া মেসি।

বিশ^কাপের নকআউটপর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এমবাপ্পের অবদান এখন ১৪টি, যা গত ৬০ বছরের ইতিহাসে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। এখানেই শেষ নয়, ফুটবল জাদুকর মেসির ২১ গোলের অলিখিত মহাকাব্যকে প্রায় ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে; বিশ^মঞ্চে তার গোলসংখ্যা এখন ২০টি। চলতি টুর্নামেন্টে ৮ গোল আর ৩ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন এই ফরাসি ফরোয়ার্ড। ১৯৭০ বিশ^কাপে গার্ড মুলারের পর এক টুর্নামেন্টে সর্বোচ্চ ১১টি গোলে সরাসরি অবদান রাখার রেকর্ডও এখন তার নামের পাশে। একই সঙ্গে ফ্রান্সের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০-এর বেশি গোলে অবদান রাখার অবিস্মরণীয় মাইলফলক স্পর্শ করেছেন তিনি। কোচ দিদিয়ের দেশমের অধীনে ২০টি ম্যাচ খেলে কোনো নির্দিষ্ট কোচের অধীনে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন এমবাপ্পের পকেটে।

ফ্রান্সের এই জয়যাত্রায় এমবাপ্পের যোগ্য সেনাপতি হিসেবে আলো ছড়িয়েছেন উসমান দেম্বেলে। চলতি আসরে ৫ গোল করা দেম্বেলে আর এমবাপ্পের এই জুটিতে ২০০২ সালের ব্রাজিলের সেই বিখ্যাত রোনালদো ও রিভালদোর স্মৃতি ফিরে এসেছে ফরাসি শিবিরে, যেখানে এক বিশ^কাপে একই দলের দুজন খেলোয়াড় ৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন। এর সঙ্গে তরুণ মাইকেল ওলিসে যোগ হওয়ায় তৈরি হয়েছে এক বিধ্বংসী ত্রয়ী। চলতি টুর্নামেন্টে এই তিন ফরাসি তারকা মিলে ২৩টি গোলে অবদান রেখেছেন, যা ২০০২ সালের বিশ্বজয়ী ব্রাজিলের বিখ্যাত ‘থ্রি আর’ (রোনালদো, রিভালদো ও রোনালদিনহো) জুটির চেয়েও ৩টি বেশি।

বিশ^কাপে ৪৫টি জয় নিয়ে ইতালির সঙ্গে যৌথভাবে জয়ের তালিকায় চার নম্বরে উঠে আসা ফ্রান্সের চোখ এখন তৃতীয় শিরোপার দিকে। যুগের পরিবর্তনে ফুটবল রাজত্বের মুকুট কার মাথায় উঠবে তা সময় বলবে, তবে লিওনেল মেসির তৈরি করা রাজকীয় কীর্তিগুলোকে যে কিলিয়ান এমবাপ্পে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তা এই বিশ^মঞ্চের পরিসংখ্যানই স্পষ্ট জানান দিচ্ছে।