ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পুকুরে ডুবে মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:০০ এএম

সাতক্ষীরার তালায় বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে ফরহাদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফরহাদ ওই এলাকার ইসরায়েল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ফরহাদ বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন তারা। পরে মরদেহ উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার ওসি শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অকাল এই মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।