জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও দ্রুত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের কাচারিপাড়া এলাকায় ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা জানান, টানা বর্ষণে ৪ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া ও মাস্টারপাড়ার অন্তত ৩০০ পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়ি তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ড্রেন নির্মাণের দাবি জানান। মানববন্ধন শেষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি জানান, জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

