ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৮ এএম

পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বকুল ইসলাম (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায় নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিহত বকুল সদর উপজেলার বকশীগঞ্জ এলাকার আলম হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নদীতে মাছ ধরতে নেমে তীব্র স্রোতে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ও পরে রংপুরের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে নিখোঁজ হওয়ার প্রায় দেড় কিলোমিটার ভাটিতে তার মরদেহ পাওয়া যায়। পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, তীব্র স্রোতে বকুল তলিয়ে গিয়েছিলেন।