মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে একটি বিশালাকৃতির গাঁজা গাছসহ তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই অভিযানে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ওই নারীকে অনৈতিক কাজে লিপ্ত রাখার অভিযোগে ভুক্তভোগী নারীর স্বামীর তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে আইনজীবীর বাড়ির পেছন থেকে প্রায় সাত কেজি ওজনের একটি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি গাছটি রোপণের কথা স্বীকার করেছেন। এ ছাড়া স্ত্রীকে উদ্ধারে গিয়ে ওই নারী ও তার স্বামী আইনজীবীর হাতে ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

