পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেরহাটে শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। গতকাল শনিবার সকাল বেলা ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন এবং মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখর ছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন