সারা দেশের মতো চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় বোর্ডের অধীনে ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে ১১৪টি কেন্দ্রের কোনোটিতেই বহিষ্কারের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১ হাজার ৩৪০ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৪ জন অনুপস্থিত ছিলেন। কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন, রাঙ্গামাটির ১০টি কেন্দ্রে ৪ হাজার ১৭ জনের মধ্যে ৮৫ জন, খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে ৩৫৩ জনের মধ্যে ৭ জন এবং বান্দরবানের ৮টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। এছাড়া কোনো কেন্দ্র সচিব বা পরিদর্শকের অনুপস্থিতির ঘটনাও ঘটেনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন