ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি প্রার্থী সরওয়ারকে শোকজ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৪৬ এএম
বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধানের শীষে ভোট চাওয়ায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। আগামী ১৯ জানুয়ারির মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন (নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি) কমিটির চেয়ারম্যান শাহরিয়ার শামস এ নোটিশ দেন। তবে নোটিশের পরদিন বুধবার বিষয়টি জানাজানি হয়। পরে নোটিশের একটি কপি রূপালী বাংলাদেশের প্রতিবেদকের হাতে আসে।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রিয় আনোয়ারা’ পেজে প্রচারিত একটি ভিডিওতে বিধি নির্ধারিত সময়ের আগেই ধানের শীষে ভোট চান বিএনপি প্রার্থী সরওয়ার জামাল। যাচাই-বাছাই করে ওই ভিডিওটির সত্যতা পেয়েছে ইনকোয়ারি কমিটি। কমিটির কাছে ভিডিওটি সংরক্ষিত রয়েছে বলেও জানা গেছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজন প্রার্থী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। 

এ অবস্থায় আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে বিষয়ে আপনাকে অথবা আপনার মনোনীত প্রতিনিধিকে ১৯ জানুয়ারি বেলা ১১টায় সিনিয়র সিভিল জজ ৩য় আদালত, চট্টগ্রামে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া কারণ দর্শানোর নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে জারির প্রতিবেদন অতিসত্ত্বর অত্র কার্যালয়ে প্রেরণের জন্য ওসি, আনোয়ারা থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে।