ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে মারধর করলেন আ.লীগ নেতা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৪:১৩ পিএম
অভিযুক্ত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদ। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ১ নম্বর মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাতরী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মিনু আক্তার আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, চাতরী ইউনিয়ন পরিষদের প্রকল্প বরাদ্দ নিয়ে ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভা চলছিল। সভায় প্রকল্পের বরাদ্দসংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ইউপি সদস্য আবদুল মান্নান সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারকে মারধর করেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য আবদুল মান্নান একজন দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়নমূলক কাজে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। সম্প্রতি মহতর ওয়ার্ডের একটি সরকারি সড়ক নির্মাণের সামগ্রী—কংক্রিট, সিমেন্ট ও বালু—আত্মসাৎ করে নিজের ঘরের ঢালাইয়ের কাজে ব্যবহার করেন তিনি। এ ঘটনায় মহতর পাড়া গ্রামের সচেতন নাগরিকবৃন্দ গত ১৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রমে তাকে দায়িত্ব না দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মিনু আক্তার জানান, ‘আজ পরিষদে বরাদ্দ নিয়ে একটি মিটিং ছিল। ইউএনও ম্যাডাম চারটি বরাদ্দ কনফার্ম করে দিয়েছেন। এর বাইরে যেসব প্রয়োজনীয় বিষয় আছে, সেগুলো দেওয়ার কথা বলেছেন। আমি পরিষদের সচিবের কাছে আমার এলাকার একটি প্রয়োজনীয় সড়কের জন্য বরাদ্দ চাই। সচিব ও অন্যান্য সদস্যরা এতে সম্মত হন। তখন মান্নান মেম্বার উঠে বলেন, এটা দেওয়া যাবে না এবং তিনি বলেন, এটা কীভাবে করা হয় তিনি দেখে নেবেন। তখন আমি বলি, আমি এটা করব। এ কথা বলার পর তিনি আমাকে ইউনিয়ন পরিষদের ভেতর মারধর করে আহত করেন। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবদুল মান্নান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘সামান্য একটি বিষয় নিয়ে তিনি আমার দিকে তেড়ে এসেছেন। এ কারণে আমি তার নাকে একটি চড় মেরেছি। এতে নাক ফেটে গেছে।’