ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

পরশুরামে অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরামে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।

শনিবার (২০ জুন) সকাল সোয়া ৭টার দিকে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— পশ্চিম সাহেবনগর চৌধুরী বাড়ির মৃত আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) ও দক্ষিণ কোলাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসির উদ্দীন ও এএসআই রাজিব বৈরাগীর নেতৃত্বে পুলিশের একটি দল সড়কে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ-৭১৩৮৮১) তল্লাশি করে পাঁচটি কার্টনে রাখা ১১৭ বোতল (৮৭.৭৫ লিটার) ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা এবং অ্যাম্বুলেন্সসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১২ লাখ ৪৩ হাজার টাকা।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে অভিনব কৌশলে মাদক পাচারের সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।