ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ মুরগি ‘হত্যা’র ঘটনা গড়াল থানায়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৮:১০ পিএম
মুরগি নিধনের অভিযোগ। ছবি- রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতার জেরে একটি খামারের ৫টি মুরগি হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গড়িয়েছে থানায়। প্রতিকার চেয়ে ভুক্তভোগী খামার মালিক লিখিত অভিযোগও দায়ের করেছেন। থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের রহিদুলের স্ত্রী রনজনা বেগম কয়েক বছর ধরে বাড়ির সামনে খামার করে মুরগি পালন করে আসছেন। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি-জমা নিয়ে একই এলাকার শুকুর আলীর ছেলে বদিউজ্জামান বদি, মানিক, মুক্তা এবং বদিউজ্জামানের দুই ছেলের সঙ্গে তাদের মারামারি হয়।

এর জের ধরে দুপুরে খামারে ইটপাটকেল নিক্ষেপ করে ৫টি মুরগি মেরে ফেলে এবং আরও কয়েকটি মুরগিকে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব খলিলুর রহমান বলেন, ‘উভয় পরিবারের মধ্যে জমি-জমা সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান। পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসী বেশ কয়েকবার মিটমাটের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। থানা পুলিশও উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেও বিষয়টি মীমাংসা করতে পারেনি বলে তিনি জানান।

অন্যদিকে, অভিযুক্ত বদির পরিবারের একাধিক সদস্য অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’