মানিকগঞ্জে ফুটবল সমর্থকদের মধ্যে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক সজিব আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করে আর্জেন্টিনা শিবিরে যোগ দিয়েছেন। নতুন দলের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করতে তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ‘সমর্থক পরিবর্তনের’ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা দলের সাম্প্রতিক সাফল্য এবং দলটির প্রতি ব্যক্তিগত আবেগ থেকেই সজিব এ সিদ্ধান্ত নেন। এ সময় উপস্থিত আর্জেন্টিনার দুই সমর্থক তাকে প্রতীকী শপথবাক্য পাঠ করান।
পরে দুধ দিয়ে গোসল শেষে তিনি ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে অভিনন্দন জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
সজিব আহম্মেদ বলেন, অনেক চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হিসেবে নতুন যাত্রা শুরু করলাম। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকেই দলটির প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে।
এদিকে, তার এই ব্যতিক্রমী সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ একে বছরের সবচেয়ে আলোচিত ‘ফুটবল ট্রান্সফার’ বলে মন্তব্য করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন