ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় সাত বছরের বড় বোন। কিন্তু সাঁতার না জানায় শেষ পর্যন্ত দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের কৃষক মো. শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) এবং ছেলে মাহমুদুল হাসান (৫)।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেলে ভাই-বোন বাড়ির পাশের বাবার বেগুনক্ষেত দেখতে যায়। সেখান থেকে ফেরার পথে অসাবধানতাবশত মাহমুদুল পাশের একটি গভীর পুকুরে পড়ে যায়। ছোট ভাইকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করে বড় বোন শরীফা। কিন্তু সেও সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায়।
ঘটনাটি দেখতে পেয়ে আশপাশে থাকা কয়েকজন শিশু চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুর থেকে দুই ভাইবোনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

