নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে—এই গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় চার জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোগরাপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সেন্টু (৩৯), সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন (৩৩), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ময়নাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৩৭) এবং সিদ্ধিরগঞ্জের সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩২)।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, ‘ডাকাতির প্রস্তুতির তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। অভিযানে চার জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। ঘটনার সুনির্দিষ্ট অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও জানান, রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


