ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় দুর্গম পাঁচটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম পরিবহনের প্রস্তাব পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব কেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বিলাইছড়ি উপজেলার ওই পাঁচটি ভোটকেন্দ্রে জনবল, ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম পরিবহনের জন্য হেলিকপ্টার ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুইঁয়া।
তিনি জানান, বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এসব কেন্দ্রে পৌঁছানোর মতো সরাসরি কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে ভোটগ্রহণের আগের দিন নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রয়োজনীয় সরঞ্জাম হেলিকপ্টারের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে একই প্রক্রিয়ায় সেগুলো উপজেলা ও জেলা সদরে ফিরিয়ে আনা হবে।
হেলিকপ্টার ব্যবহারের জন্য প্রস্তাবিত পাঁচটি ভোটকেন্দ্র হলো—ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নের প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়া ভোটকেন্দ্র।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৬৮ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৪৭ জন। ইউনিয়নভিত্তিক ভোটার সংখ্যা হলো— বড়থলি ইউনিয়নে ২ হাজার ৩৩৪ জন, কেংড়াছড়ি ইউনিয়নে ৫ হাজার ৫৭২ জন, বিলাইছড়ি ইউনিয়নে ৭ হাজার ২৪৭ জন এবং ফারুয়া ইউনিয়নে ৯ হাজার ৩৬২ জন।
এ ছাড়া ২৯৯ পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনটি পুরো জেলা নিয়ে গঠিত। জেলার ১০টি উপজেলার ৫০টি ইউনিয়নে মোট ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে দুর্গমতার কারণে ২০টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকল উপজেলায় ২টি এবং জুরাছড়ি উপজেলায় ৭টি কেন্দ্র রয়েছে।
এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালে আহমদ ভুঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্গম এলাকাতেও যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব পাঠানো হয়েছে।


