ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সৌদিযাত্রীর ব্যাগে সোয়া ৪ হাজার ইয়াবা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা উদ্ধার করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৯ মার্চ) সকালে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় ঢাকার দোহার উপজেলার সাইদুল ইসলাম (৩১) নামের ওই যাত্রীর লাগেজে ইয়াবা শনাক্ত করা হয় বলে বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী সাইদুল ইসলাম ভারী লাগেজ নিয়ে গেট–৪ দিয়ে প্রবেশ করে নির্ধারিত কাউন্টারে চেক-ইন সম্পন্ন করেন। পরে প্রি-বোর্ডিং পর্যায়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহী শামীম রেজার সন্দেহ হলে সিভিল সিকিউরিটি সদস্য হিজবুল বাহারকে তল্লাশির নির্দেশ দেন।

তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ইয়াবা সদৃশ বস্তু পাওয়া গেলে আনসার সদস্য শামীম রেজা ও সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা তাৎক্ষণিকভাবে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে ট্যাবলেটগুলো গণনা করে মোট ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা জব্দ করেন।

এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয় এবং তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তির দেহ ও কাঁধব্যাগ তল্লাশি করে কার্বন ও টেপে মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তি তাকে প্যাকেটটি দিয়ে সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীন নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেছিলেন। তিনি আরও স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান এবং বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে দেশে আনেন।

এ ঘটনায় সাইদুল ইসলাম ও সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।