ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন ম্যানেজার নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০২:৪৫ পিএম
ইরতাজা কুমাইল। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্টে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভিদ আকরাম চিমাকে। তার পরিবর্তে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন ইরতাজা কুমাইল।

নাভিদ আকরাম চিমা দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। গত বছরের এশিয়া কাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। তবে সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে করমর্দন করা নিয়ে তৈরি হওয়া অপ্রীতিকর বিতর্কটি নিয়ে ক্রিকেট মহলে বেশ সমালোচনা হয়েছিল। 

জানা যায়, চিমার স্থলাভিষিক্ত হওয়া ইরতাজা কুমাইল ১৮তম গ্রেডের একজন পুলিশ কর্মকর্তা। দুই বছর ধরে পিসিবিতে কর্মরত কুমাইল এর আগে জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের পাশাপাশি নিরাপত্তা কর্মকর্তা হিসেবে প্রথমবারের মতো দলের সঙ্গে যুক্ত করা হয়েছে সালমান লিয়াকতকে।

পিসিবি সূত্রে আরও জানা যায়, পাকিস্তানের স্থানীয় ক্রিকেটার ও স্টাফরা লাহোরে দুদিনের একটি অনুশীলন ক্যাম্প শেষ করে ঢাকা রওনা হবেন। তবে দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকাতেই দলের সঙ্গে যোগ দেবেন।

একনজরে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি

১১ মার্চ : প্রথম ওয়ানডে – শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

১৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে – শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

১৫ মার্চ : তৃতীয় ওয়ানডে – শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।