কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
রোববার (১২ জুলাই) কাতারের রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, মহান আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতিকে এ দুঃসংবাদ জানানো হচ্ছে। শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়াও বিবৃতিতে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
১৯৯৫ সালে কাতারের আমিরের দায়িত্ব গ্রহণ করেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। ২০১৩ সাল পর্যন্ত তার নেতৃত্বে দেশটি জ্বালানি খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে কাতারের প্রভাব ও অবস্থানও উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়।
২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে তুলে দেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুর খবরে কাতারজুড়ে শোকের আবহ বিরাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, শিগগিরই তার জানাজা এবং রাষ্ট্রীয় শোক পালনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন