ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:০৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫০ জনে। একদিকে হামের এই ভয়ংকর থাবা যখন দেশের চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, ঠিক তখনই স্বস্তির খবর দিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক দুটি প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৯ জন শিশু হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের শরীরে এবং বাকি ৯০১ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসের প্রাথমিক উপসর্গে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩টি শিশু ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের। পরিসংখ্যানের দিকে তাকালে মহামারির তীব্রতা স্পষ্ট হয়ে ওঠে; গত চার মাসে দেশে মোট ১ লাখ ২৩ হাজার ২২৫টি শিশু এই ভাইরাসের কবলে পড়েছে। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনের শরীরে উপসর্গ দেখা দিলেও ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ জনের। এই সময়ে ৯২ হাজার ৮৩১ জন রোগাক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯ হাজার ২৩৪ জন। ৭৫০ জন মৃত্যুর মধ্যে ৯৩ জনের নিশ্চিত হাম এবং বাকি ৬৫৭ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে।

হামের এই আশঙ্কাজনক বিস্তারের বিপরীতে ডেঙ্গুর গ্রাফ আপাতত কিছুটা স্বস্তিদায়ক। তবে চলতি বছরের মোট পরিসংখ্যান এবং ঢাকার বাইরে আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যা এডিস মশা নিয়ন্ত্রণে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আক্রান্ত ৬৮ জনের মধ্যে সর্বোচ্চ ২১ জন চট্টগ্রাম বিভাগের এবং রাজধানী ঢাকা মহানগরে আক্রান্ত হয়েছেন ২০ জন। এ ছাড়া ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৪ জন, খুলনায় ১০ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮১৫ জনে, যার মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছিলেন সদ্যঃসমাপ্ত জুন মাসে। চলতি জুলাই মাসের প্রথম ১০ দিনেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১১ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৪ জন, যার মধ্যে ৫২.৬ শতাংশ পুরুষ এবং ৪৭.৪ শতাংশ নারী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪৯ জন রোগী এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ হাজার ১৪২ জন।