আগামী আগস্ট মাসে মাত্র দুদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলেই দুই দফায় দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী সাধারণ ছুটি, সাপ্তাহিক ছুটি এবং মাঝের দুটি কর্মদিবসে ছুটি নিলে মোট আট দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।
আগস্টের প্রথম দফার সুযোগটি আসছে জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে। ৫ আগস্ট বুধবার দিবসটি উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
মাসের শেষ সপ্তাহেও একই ধরনের আরেকটি সুযোগ রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ উপভোগ করা যাবে। সব মিলিয়ে আগস্ট মাসে মাত্র দুই কর্মদিবসে ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত একদিনের ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ ভোগ করেছিলেন। প্রতি বছরই সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেক চাকরিজীবী মাঝের এক বা দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দীর্ঘ অবকাশের পরিকল্পনা করেন। এবারও আগস্ট মাসে সেই সুযোগ তৈরি হয়েছে।

