ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে এক রাতে দুটি বাড়িতে পৃথক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র এবং ভুক্তভোগী পরিবারের সদস্য পুত্রবধূ সুমি রাণী দাস জানান, গত রাতে আনুমানিক আড়াইটার দিকে চর চান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের হারাধন চন্দ্র দাসের (৭৪) নতুন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৬ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এর মধ্যে ৩ জন ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধ হারাধন চন্দ্র দাসের হাত-পা বেঁধে ফেলে। পরে তারা তার পুত্রবধূ সুমি রাণী দাসকে দেশীয় অস্ত্র কিরিচের মুখে জিম্মি করে ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে ফেলে। ডাকাতরা আলমারিতে থাকা ঋণ করা নগদ ৩০ হাজার টাকা এবং আনুমানিক আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
একই রাতে একই গ্রামের উত্তর চর চান্দিয়ার আবদুস সোবহানের ছেলে আবদুল করিমের (৩৭) নতুন বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখানেও আনুমানিক ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকেই পরিবারের সবাইকে বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্র কিরিচের মুখে জিম্মি করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ২০ হাজার টাকা লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
একই রাতে পরপর দুটি বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


