উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেমের (এফসিএস) সক্রিয় সদস্য তাহসীন ইসলামের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। রিমান্ড শুনানিতে আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন তাহসীন।
প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান জানান, আসামি তাহসীন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে তদন্তের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে উগ্রবাদী সংগঠনের শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে গ্রেপ্তার করে পুলিশ।
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড দেন। গত বুধবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। সাবির, তানিমের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও বাকি চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত সাবির ও তানিমের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। অপর চার আসামিকে কারাগারে পাঠানো হয়।
এরই মধ্যে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এমন সন্দেহে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকেও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
তাহসীনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চাইলে তাহসীন বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ।’ তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন উগ্রবাদী সংগঠন এফসিএসের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে এ অভিযান চালানো হয়। নোয়াপাড়া এলাকার ওহিদুল ইসলামের ছেলে ১৯ বছর বয়সি তাহসীনকে গ্রেপ্তারের সময় তার ঘর থেকে চাপাতি, বৈদ্যুতিক তার ও বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার তথ্যও দিয়েছে পুলিশ।

