বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ৬৮ ঘণ্টা পর আসাদুল (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সৈকতের ঝাউবন এলাকায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আসাদুল আমতলী উপজেলার সৌদি প্রবাসী মুছা হাওলাদারের ছেলে। গত মঙ্গলবার চার বন্ধু ও দুলাভাইয়ের সঙ্গে সৈকতে বেড়াতে এসে সাগরে নামলে প্রবল ঢেউয়ে পাঁচজন তলিয়ে যান। স্থানীয়রা চারজনকে উদ্ধার করলেও আসাদুল নিখোঁজ ছিলেন। এরপর থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও পুলিশ টানা উদ্ধার অভিযান চালায়। তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

