ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ব্যবসায়ীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪৮ এএম

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় দুর্বৃত্তের গুলিতে বেলাল হোসেন সুমন (৩৫) নামে এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারীশপুর ইউনিয়নের আব্দুল ওয়াদুদের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ বছর ধরে সুমন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন। বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। সুমনের মর্মান্তিক মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।