ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

অবৈধ জাল ধ্বংস

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৪৯ এএম

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা দেশি মাছ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে খরিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নদী থেকে নিষিদ্ধ ১৫-২০টি চায়না দুয়ারি জাল, একটি অবৈধ বাঁধ ও একটি ফিক্সট ইঞ্জিন জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও সরঞ্জাম জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সহকারী কমিশনার বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন এবং ফুলপুর থানা পুলিশের একটি দল। মৎস্য সম্পদ সংরক্ষণে নিয়মিত এমন উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।