নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ‘এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব।’
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এ কথা বলেন।
সভায় নির্বাচনকালীন প্রস্তুতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন এবং যেকোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রতিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভায় জানানো হয়, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সক্রিয় থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নজরদারি জোরদার করা হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো অনিয়ম, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়।
সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমানসহ নির্বাচন কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-20260131151659.webp)

